কয়লা

আজ আমাদের প্রোগ্রাম ভেলিকি নভগোরাদ, আধুনিক রুশ দেশের জন্মস্থান। এখানে রিউরিক তার রাজ্যত্ব শুরু করেন স্থানীয় রুশদের আহ্বানে। পরে কিয়েভ থেকে ভ্লাদিমির, সুজদাল হয়ে মস্কোয় স্থিত হয়ে বসে তার বংশধররা। 

গতকাল বাসায় ফিরতে ফিরতে রাত ১২ টা পেরিয়ে গেছে। তাই সাড়ে পাঁচটায় এলার্ম যখন বাজল তখন কিছুতেই উঠতে ইচ্ছা হচ্ছিল না। কিন্তু....

ভেবেছিলাম যে ৭.১৫ তে কাজানস্কি সাবোরের ওখান থেকে বাসে উঠব, তবে মেট্রো নেভস্কি প্রসপেক্টে আসতে আসতে ৭.১০, তাই চলে গেলাম গেলাম মেট্রো মস্কোভস্কায়া। হাতে মিনিট দশ বারো সময় আছে। এদিকে বাথরুম চেপেছে। এই ভোরে পাবলিক টয়লেট খোলা নেই, ভ্কুসনা ই তোচকা মানে ম্যাকডোনাল্ড দূরে। মুস্কিল। ওখানে যে রেস্টুরেন্টটা তাও বন্ধ। একটা দরজা খোলা, মনে হয় কাজের লোকদের। নক করে বললাম, ডিয়ার বাথরুম না করলেই না। 
- সামনে এগিয়ে গিয়ে বা দিকের দরজা। 

কাজ শেষে ওকে ধন্যবাদ দিয়ে স্পটে ফিরে এলাম। বাস চলে এল। গুলিয়া আর আমি বাসে উঠলাম।সকাল মনে হল সুপ্রসন্ন!

মাঝখানে যাত্রা বিরতি। আমার প্রিয় আইটেম। ধীরে সুস্থে ক্যাপুচিনো খেয়ে যখন বাসে ফিরলাম লোকজন খাপ্পা। যদিও তিন মিনিট মাত্র লেট। গুলিয়া গতকালের পর বলে দিয়েছে 
- আবার যদি তর্ক কর তাহলে আমি বাস থেকে নেমে হাঁটা দেব।

খুব ভালো এক সুযোগ ছিল ওকে বনবাসে পাঠাবার। তবে আজকাল চারিদিকে ভালুকের উৎপাত। ভুরিভোজ করবে ভালুক আর ফল ভোগ করব আমি। এটা তো হতে দেয়া যায় না। তাই কথাগুলো গিলে ফেললাম। 

গাইড মেয়েটি বলেই দিল কেউ একজন দেরি করলে সমস্ত গ্রুপকে পস্তাতে হয়। সেটা যেন মাথায় রাখি। এসব দেখে সকালের সূর্য যে সবসময় সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস দেয় না সেটা প্রমাণিত হল।

তবে প্রতিবার আমি সবার শেষে বাসে ফিরি। সবাই তো ধন্যবাদ দিতে পারে যে ওদের লাস্ট ম্যান হতে হচ্ছে না।  

কাঠের তৈরি বাড়িঘর দেখে যখন ফিরলাম, বাস নেই। আসলে গাইড নাকি বলেছিল গাড়িটা অন্য জায়গায় থাকবে। আমি কখনই কারো কথা শুনি না। ও ভাবে আমি রুশ বুঝি না। আসলে আমি যে নিয়ম মেনে চলতে পারি না সেটা ওকে বলি কীভাবে? অবশ্য যদি ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম নিজে নিজে ঘুরে আরোও অনেক কিছু দেখতে পারতাম। 

এমনকি সবশেষ স্পট থেকে যখন পিটার ফিরব, শেষ মুহূর্তে আমি আমার মনে হল কিছু একটা খাওয়া দরকার আর শেষে নোংরা গুলো ডাস্টবিনে ফেলে আসা দরকার। তাই বাসের সামনে দাঁড়িয়ে থেকেও আমি সবাইকে ধরে রাখলাম, যেযন চুল্লির পাশে দাঁড়িয়ে খাবার পুড়াই। এমনি এমনি কি বলে 

কয়লা ধুলে ময়লা যায় না!

পিটারের পথে, ২৬ আগস্ট ২০২৬

Comments

Popular Posts