জনমত জরিপ
গতকাল গুলিয়া বলল মাছ রান্না করতে। হাতের সামনে স্কুমব্রিয়া পেয়ে সেটাই ভাজতে লাগলাম। এটা অনেকটা ইলিশের মত তৈলাক্ত মাছ। ওর গন্ধ আমার খুব একটা পছন্দ নয়। কিন্তু অন্য কিছু করার ইচ্ছা হল না। মাছ ভাজা প্রায় শেষ হলে ওর উপর পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম দিয়ে ভাপ দিলাম। যদি মাছ খেতে না পারি তাহলে এসব দিয়ে খাব বলে। আসলে এমনটা আমি হর হামেশাই করি। ধরুন ওর গরু বা শুয়োর খেতে ইচ্ছে করল আমার মুরগি। সময় বাঁচাতে আমি দুটো একই সাথে রান্না করি।
গুলিয়া বাগান থেকে ফিরে জিজ্ঞেস করল
কী রান্না করলে?
স্কুমব্রিয়া।
দেখে তো মনে হচ্ছে না।
দোকানে তাই তো বলল।
কোত্থেকে কিনেছ?
রিনক মানে খোলা বাজারে আকসানার কাছ থেকে।
মাছে এসব আবার কি?
ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ।
কোন দুরাক বা বোকা মাছে ক্যাপসিকাম দেয়?
উত্তর দেইনি। আপনারা কে কে আমার সাথে? জনমত জেনে উত্তর দেব ভাবছি।
মস্কো, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Comments
Post a Comment