কুলি বৃত্তান্ত

গত বৃহস্পতিবার ভোরে ক্রিস্টিনা পিটার গেল। যাওয়ার কথা ছিল মঙ্গলবার রাতে, বুধবার বাসা দেখবে বলে। আগের দিন মানবের জন্মদিন ছিল। তাই অভিনন্দন জানাতে গিয়ে মনে হল জিজ্ঞেস করি ওর ওখানে থাকা যাবে কিনা। ও রাজী হলে ক্রিস্টিনাকে জানালাম আর বললাম বাসার যেহেতু হিল্লা হল ও চাইলে দিন দুয়েক মস্কো থেকে যেতে পারে। তবে বাসার চাবি পার্থর কাছে থাকায় আর ও ডাচায় চলে যাবে বলে বৃহস্পতিবার বিকেলের আগেই ক্রিস্টিনাকে পিটারে পৌঁছুতে হবে। 

ক্রিস্টিনা অনেকটা আমার মত। সব কিছু শেষ মুহূর্তে করে। যদিও অনেক আগেই জানত এই সময়ে পিটার যেতে হবে, জামাকাপড় ধোয়া ও গোছানো নেই। যেহেতু এর আগে একাধিক বার কোন মতে ট্রেন ধরেছে বা ট্রেন ফেল করেছে আর টিকিটের টাকাটা গচ্চা গেছে আমার পকেট থেকে তাই আমি ওকে রাত ২ টার ট্রেনে যেতে বলি। রাত ১ টায় মেট্রো বন্ধ হয়। ও শেষ মুহূর্তে মেট্রো করে রেল স্টেশনে যায়। তাতে আমার টেনশন কম থাকে।

আমার এখনও ব্যাগ গোছানো হয়নি। আমি বরং সকালের ট্রেনে যাব।
কিন্তু ঐ সময় স্টেশনে যাবি কিভাবে? 
ট্যাক্সিতে।
গতবার কিন্তু ট্যাক্সি পাসনি। টিকেট গচ্চা গেছিল। 
এবার ঠিক হবে। 

রাত সাড়ে বারোটার দিকে বলল ক্লান্ত লাগছে তাই হাঁটতে যাবে। 

টিকেট কেটে যা।
এসে কাটব।

রাত দুটোর দিকে জিজ্ঞেস করলাম টিকেট কেটেছে কিনা।

এক্ষুনি স্নান করে কাটছি। নাকি একটু ঘুমিয়ে পরে স্নান করব।
এখন স্নান করে চুল শুকিয়ে নে। তার আগে টিকেট কাট।

ভোর চারটেয় মেসেজ করলাম - ঘুম ভাঙল? ওঠ।
ইরিসকার সাথে খেলছি। ও ছাড়তে চাইছে না।

ইরিসকা ওর নতুন বিড়াল ছানা।

উঠে গাড়ি বুকিং দে।

আগে চুল শুকিয়ে খেয়ে তারপর গাড়ি ডাকব।
দেখিস ৪.৫০ এর মধ্যেই গাড়ি ডাকিস।

আগে আমরা যেকোন সময়ে গাড়ি আগে থেকেই বুকিং দিতে পারতাম। সেক্ষেত্রে আগে থেকেই ৫.১৫ গাড়ি আসতে বলতাম। এখন কেউ এসব বুকিং নেয় না। তাই শেষ মুহূর্তে গাড়ি ডাকতে হয়। অনেকক্ষণ অপেক্ষার পর ৪.৫০ এ গাড়ি বুকিং দেয়া গেল। ৫.১৫ গাড়ি আসবে।

এখন বরং বিড়াল কুকুরদের সাথে খেলে সময় কাটা যাতে ঘুমিয়ে না পড়িস।

মিনিট দশেক পরে ক্রিস্টিনা বলল গাড়ি ২৯ মিনিট পরে আসবে দেখাচ্ছে। এলার্মিং হলেও সহনীয়।

ড্রাইভারকে ফোন কর।
করলাম। বলল নেভিগেটর ওকে ভুল পথে নিয়ে গেছে। এখন ড্রোনের জন্য সিগন্যাল ডাইভার্ট করে। হতে পারে।
সে যাই হোক, এতে আমাদের খুশি হবার কারণ নেই।
ও হো ড্রাইভার বুকিং ক্যান্সেল করেছে।
টিকেট ক্যান্সেল কর। পরের ট্রেনে যা।
ওটা সাপসান। টিকেটের দাম দ্বিগুণ।
কিন্তু এখন তো টিকেট মিস হতে পারে।
আমি আরেকটা গাড়ি ডাকি। যদি দেখি ফেল করব তাহলে এই টিকেট ক্যান্সেল করে সাপসানের টিকেট কিনব। 

এরপর ক্রিস্টিনা জানাল ও ট্যাক্সি করে স্টেশনের দিকে যাচ্ছে আর আশা করছে শেষ পর্যন্ত ট্রেন ধরতে পারবে। আমি আর কথা বাড়ালাম না যাতে ও ট্রেন ফেল না করে আমাকে উত্তর দিতে গিয়ে। বেশ কিছুক্ষণ পরে ক্রিস্টিনার মেসেজ। একটা নম্বর। ২৫০০ রুবল পাঠাতে হবে। আমি দেরি না করে ওকে ২৫০০ পাঠিয়ে দিলাম। ক্রিস্টিনা এবার ফোন করে বলল
টাকাটা আমি যে নম্বর পাঠিয়েছি তাকে পাঠাতে হবে। আমি ব্যাগ নিয়ে ট্রেন ধরতে পারতাম না। তাই কুলি নিয়েছি। সে এর কমে রাজী হয়নি।

মজার ব্যাপার হল কী ছেলেমেয়েরা, কী গুলিয়া - ওরা যখন কোথাও টাকা পাঠাতে বলে আমি ওদের পাঠিয়ে দেই। কিন্তু ওরা কেউ সেই টাকাটা জায়গা মত না পাঠিয়ে আবার আমাকে বলে টাকাটা পাঠাতে।

আমি এই কুলির নির্লজ্জতা দেখে অবাক। কারণ মস্কো পিটারের এই ট্রেনের টিকেটের ভাড়া ২৫০০ রুবল। অরোরা নামের এই ট্রেন মাত্র ৫ ঘন্টায় পিটার যায়। সাপসান সাড়ে তিন ঘণ্টায়। এর টিকেট ৪৫০০। আর রাতের ট্রেন যা ৮-১০ ঘন্টা সময় নেয় তাতে ১৫০০ রুবলেও টিকেট পাওয়া যায়। 

তাই কয়দিন যাবৎ মেজাজ খারাপ। প্রথমত ট্যাক্সি শেষ মুহূর্তে বুকিং ক্যান্সেল করার অধিকার রাখে কি না। তার দোষে ট্রেন মিস করলে ক্ষতিপূরণ কে দেবে? কুলিদের নিশ্চয়ই অফিসিয়াল রেট আছে। তারা চাইলেই ইচ্ছে মত দাম নিতে পারে না। এসব দেখার দায়িত্ব কার - রেল কোম্পানির নাকি মেয়রের? বিষয়টা টাকার নয়, নৈতিকতার। আপাতত স্থানীয় সামাজিক মাধ্যমে প্রশ্নটা রেখেছি। ভাবছি এসব বিষয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণ করা দরকার। হয়তো মেয়র বলবে যাত্রীদের সুবিধার্থে রাতে কিছু কিছু বাস বিভিন্ন এয়ার পোর্ট (মস্কোয় চারটি) ও ট্রেন স্টেশনে (১০+ টি) যাতায়াত করে। তবে সেসব কিছু নির্দিষ্ট রাস্তায়। এই যাত্রায় সবচেয়ে লাভবান হল কুলি আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত মনে হয় আমি। যদিও ক্রিস্টিনা যে সময় মত পিটার পৌঁছে গেছে সেটাই বা কম কিসে।! ও এর মধ্য মানবের ওখানে রামায়ণ আবিষ্কার করেছে। মানে ও বইয়ের ছবি আমাকে পাঠালে আমি বলেছি।
আমি এটা পড়তে চাই।
তুই তো অক্ষর জানিস না।
তাতে কি? ডিকশনারি ব্যবহার করব।
কর।
তুমি সাহায্য করবে তো?
আমার কি চয়েজ আছে?
দেখ, আমি ঠিক শিখে নেব।
বাংলার শিক্ষক হতে হবে। এটাই বাকি ছিল।

দুবনা, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Comments

Popular Posts