ফ্রি
অনেক দিন পরে দীপু ফোন করল। তার আগে মেসেজ দিল
- ফ্রি নাকি?
একটু অবাক হলাম। আসলে আমার যে কোন বাজার মূল্য আছে সেটা কখনোই মনে হয়নি।
- ফ্রি ফ্রি। কোন পয়সা দিতে হবে না রে দীপু।
একটু একটু হাসি। সিঙ্গাপুর গেছিল এক কনফারেন্সে। সেখানে এক বাগানে ঢুকে গাছপালা আর ফুল দেখে আমাকে নাকি মিস করেছিল। ইশ বন্ধুরা সবাই মিলে এভাবে স্মরণ করলে (শরণ না নিলেই হয়) একসময় ভগবান বনে যাব।
- তোকে দেখতে ইচ্ছে হয়। একসময় কোথাও চলে আয়। দুই বন্ধু ঘুরে বেড়াই।
- দেখি। আর যদি না হয় নরকে দেখা হবে নিশ্চয়ই।
- তা যা বলেছিস।
আমার নিজের কাউকে ফোন করা হয়ে ওঠে না। জালাল মাঝে মাঝে ফোন করে বলে পরের বার তুই কল দিস। ওর ধৈর্য্য কম। পরের বার পর্যন্ত অপেক্ষা করতে পারে না। কিছু দিন আগে যুগল আর শুভ ফোন করেছিল। ভালো লাগে বন্ধুরা ফোন করলে। তবে টেনশন বাড়ে। ওরা কোন কিছু আঁচ করছে না তো? বয়স তো সবার বাড়ছে। আমি সবার সাথে মনে মনে প্রায়ই এত কথা বলি যে ঠিক মিস করে উঠতে পারি না।
মস্কো, ০৮ ডিসেম্বর ২০২৫

Comments
Post a Comment