অভেচকিন দ্য গ্রেট

সোভিয়েত ইউনিয়নে আমার পছন্দের অনেক জিনিসের একটা ছিল আইস হকি। মাঠে যেতাম খেলা দেখতে, বিশেষ করে আর্মির ক্লাব ৎসেএসকার খেলা হলে। তখন সোভিয়েত জাতীয় দলের সিংহভাগ ছিল এই দলের খেলোয়াড়। লারিওনভ, মাকারভ, ফেতিসভ, কাসাতনভ, পেত্রভ, ত্রেতিয়াক, পরে মাগিলনি, বুরে আরও কত নাম। ১৯৭২ সালে কানাডায় সোভিয়েত ইউনিয়ন ও কানাডার মধ্যে হকি সিরিজ অনুষ্ঠিত হয়। ওরা প্রথমে ধরেই নিয়েছিল সোভিয়েত ইউনিয়নকে অতি সহজেই পর্যদুস্ত করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোভিয়েত ইউনিয়ন সিরিজ জয় করে। এরপর থেকেই শুরু হয় সোভিয়েত খেলোয়াড়দের ন্যাশনাল হকি লীগে প্রলুব্ধ করার পালা। সেই সিরিজের নায়ক হারলামভ, ত্রেতিয়াক সহ অনেকেই তখন যেতে অস্বীকার করে। এর কারণ হয়তো ছিল সোভিয়েত ইউনিয়ন তাদের অনুমতি দিত না। 

আশির দশকে প্রথম মাগিলনি ওখানে পাড়ি জমায়। এ নিয়ে প্রচুর লেখালেখি হয়। মাগিলনির নাগরিকত্ব স্থগিত করা হয়। পরে অবশ্য প্রথমে সোভিয়েত ইউনিয়ন, পরে রাশিয়া সরকারি ভাবেই খেলোয়াড়দের সাগর পাড়ি দেবার অনুমতি দেয়। এতে অবশ্য সাপে বর হয়। এদের খেলোয়াড়রা নব্বইয়ের দশকের অর্থনৈতিক অস্থিরতার সময়ও নিজেদের পেশাদারিত্ব ধরে রাখতে পারে। এ দেশের মানুষ সোভিয়েত হকি লীগের মতই ন্যাশনাল হকি লীগ ফলো করতে শুরু করে। 

আমিও প্রিয় খেলোয়াড়দের খেলা দেখতে শুরু করি টিভিতে। বুরে ভ্যানকুভারের স্টার। তাকে বলা হত রাশান রকেট। যত রুশ খেলোয়াড় ওখানে খেলে তাদের দিয়ে কয়েকটি জাতীয় দল গঠন করা যায়। তবে এখন এদের নিজস্ব কন্টিনেন্টাল হকি লীগ যথেষ্ট জনপ্রিয় ও শক্তিশালী। 

ইদানিং খেলা তেমন দেখা না হলেও আলেকজান্ডার অভেচকিনের রেকর্ড সম্পর্কে খোঁজ রাখতাম। এক সময়ে গ্রেট ওয়েন গ্রেৎস্কির ৮৯৪ গোলের রেকর্ড বিপদসীমার মধ্যে চলে আসে। প্রশ্ন ওঠে অভেচকিনের সাথে কন্ট্রাক্টের সীমা বাড়ানো হবে কি না। কারণ গ্রেৎস্কি শুধু কানাডার নয়, উত্তর আমেরিকার হকি লিজেন্ড। তাঁর রেকর্ড জাতীয় সম্পদ। যাহোক আজ অভেচকিন গ্রেৎস্কির রেকর্ড স্পর্শ করল ৮৯৪ তম গোল করে। এখন রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার, আগামীকালই সেটা ঘটতে পারে। ওয়েন গ্রেৎস্কি নিজে আজকের খেলায় উপস্থিত ছিলেন। অভিনন্দন জানিয়েছেন অভেচকিনকে। বললেন উনি খুব খুশি যে একজন রুশ তাঁর রেকর্ড ভাঙলো। কারণ তাঁর গ্র্যান্ড ফাদার রুশ। তাঁর বিশ্বাস গ্র্যান্ড ফাদার বেঁচে থাকলে অভেচকিনের এই সাফল্যে তিনি খুব খুশি হতেন। ওয়াশিংটন ক্যাপিটালসের খেলোয়াড় অভেচকিন নিয়মিত রাশিয়া আসে, এখানকার তরুণ খেলোয়াড়দের সাহায্য করে। ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে। কিন্তু তার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নেই যদিও রুশ খেলোয়াড়দের বিরুদ্ধে হাজার নিষেধাজ্ঞা। ফেতিসভ বলেছেন গ্রেৎস্কির রেকর্ড ভাঙলে রাশিয়ার উচিত অভেচকিনকে জাতীয় সম্মানে ভূষিত করা। অভিনন্দন সাশা!

দুবনা, ০৫ এপ্রিল ২০২৫

Comments

Popular Posts