বড়দিনের শুভেচ্ছা
গতকাল ৫৯ টি বছর পেছনে ফেলে ৬০ পা দিলাম। অবশ্য এ নিয়ে একাধিক মতামত আছে, আছে সন্দেহ। একজন পদার্থবিদ হিসেবে সন্দেহ করাই আমার কাজ, তাই এতে নতুন কিছু নেই। যেটা ঠিক তা হল আমার জন্ম ২৫ ডিসেম্বর। কত সাল? ১৯৬৩ নাকি ১৯৬৪? যেহেতু সব সময়ই বাড়িতে জন্মদিন পালন করত তাই তারিখ আমার মুখস্ত ছিল। মার ভাষায় এটা ছিল বড় দিন। তবে ক্লাস ফাইভ থেকে যখন সিক্সে উঠলাম, আমাদের ছোট মাস্টার মশাই সার্টিফিকেট দিলেন, যাতে লিখলেন আমার জন্মদিন ১৯৬৪ সালের ২ জানুয়ারি। আমি যদিও বললাম ২৫ ডিসেম্বর, তবে কে শোনে কার কথা। আমারও মনে হয়নি এ নিয়ে বাড়িতে বলার। আসলে এটা হয়তো তিনি করেছিলেন চাকরির কথা চিন্তা করে, সেদিক থেকে খুব সম্ভব আমার সত্যিকার জন্মদিন ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর। কারণ তাঁর তো আমার বয়স বাড়ানোর কথা নয়। তবে ১৯৬৪ লেখার কারণেই হয়তো পরে আমার মনে হয়েছে আসলে জন্মের তারিখ ২৫ ডিসেম্বর, সাল ১৯৬৪। তবে এটা ঠিক আমার অফিসিয়াল জন্ম তারিখ ঠিক নয়। এ নিয়ে কখনই কোন সমস্যা ছিল না। আমি ২৫ ডিসেম্বর জন্মদিন পালন করি। ২ জানুয়ারির কথা মনেই থাকত না। তবে ২০০৩ সালের ২ জানুয়ারি সেভা জন্ম নিল। আমি যখন ওর বার্থ সার্টিফিকেট আনতে যাই, তখন ওখানকার মহিলারা বলল বেশ তো, তোমাদের পিতাপুত্রের জন্ম একই দিনে। এরপর থেকে অফিসিয়াল ডকুমেন্টে আমার জন্মদিন কবে সেটা দেখার জন্য পাসপোর্ট বের করতে হয় না। দেশে যেহেতু ফেরা হয়নি তাই বয়স বাড়ানো বা কমানোতে আমার কিছু এসে যায়নি। তবে গত ২ জানুয়ারি যখন ইন্সটিটিউট থেকে আমাকে ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দন জানানো হল, তখন ব্যাপারটা ভিন্ন রকম দাঁড়ালো। শুধু তাই নয় তখন থেকে আমার মস্কো - দুবনা ট্রেন ভাড়া ফ্রি হয়ে গেল, যেমন হল এসব জায়গার পাবলিক ট্র্যান্সপোর্ট। বিভিন্ন দোকানেও কনসেশন পেতে শুরু করলাম। আজ হঠাৎ মনে হল যদি স্বর্গ নরক বলে কিছু থাকে তাহলে অন্যায় ভাবে এসব সুবিধা ভোগ করার (যদি আমার জন্ম ১৯৬৪ সালে হয়) বা সুবিধা বঞ্চিত হবার (১৯৬৩ হলে, যদিও মাত্র এক সপ্তাহ) দায় কার। বলা বাহুল্য সেটার দায় আমাদের ছোট মাস্টার মশাইয়ের। এ থেকে মুক্তির উপায়। স্বর্গ নরককে বাতিল করা। তবে জন্ম যে সালেই হোক না কেন - বেঁচে থাকার আনন্দ আলাদা। আর তার প্রাক্কালে ছবি তোলার আনন্দও অন্য রকম। আমি ভালো আছি। আপনারা ভালো থাকবেন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
দুবনা, ২৫ ডিসেম্বর ২০২৪
ছবিটি ২৪ ডিসেম্বর ২০২৪ এগর অরেলোভিচের তোলা

Comments
Post a Comment