আইন

আমি আজকাল খুব আইন মেনে চলছি। না না, আমি সাধারণত আইন ভাঙি না, শুধু মাঝেমধ্যে জেব্রাক্রসিং পর্যন্ত না গিয়ে রাস্তা পার হই। কয়েক দিন আগে এমনটি করার এক মিনিটের পর ট্রাফিক পুলিশের গাড়ি এসে আমার পাশে থামল। আমাকে সাধারণত পুলিশ কখনও থামিয়ে ডকুমেন্ট দেখতে চায় না। তাই একটু অবাক হলাম। একজন পুলিশ গাড়ি থেকে নেমে স্যালুট দিয়ে বললেন
মাত্র দশ মিটার দূরে জেব্রাক্রসিং, আপনি এখানে রাস্তা পার হলেন কেন? আপনার ডকুমেন্টটা দেখি।
আমি কার্ড বের করে দিলাম।
পাসপোর্ট আছে?
সেটা দিলে উনি নিয়ে একটি ফর্ম ফিল আপ করতে শুরু করলেন। লিখছেন তো লিখেই যাচ্ছেন। আমি ইতিমধ্যে দুটো গাড়ি মিস করলাম। এক অস্বস্তিকর অবস্থা। আসলে রাস্তা পার হবার সময় আমি গাড়ি আসছে কিনা সেটা খেয়াল করি বিশেষ করে ট্রাফিক পুলিশ দেখলে পার হই না। এদিন রেজার সাথে কথা বলতে বলতে আসছিলাম, তাই একেবারেই খেয়াল করিনি। ওরা ঠিক দেখেছে, ভিডিও করেছে। লেখা শেষ হলে আমাকে স্বাক্ষর করতে বললেন। এক কপি আমার হাতে দিয়ে বললেন এবারের মত শুধু সতর্ক করলাম, এর পরে পাঁচ শ রুবল জরিমানা করব। 
এখন থেকে আমি জেব্রাক্রসিং এ রাস্তা পার হই। তাতে মিনিট দেড়েক বেশি সময় লাগে। তবে একটি বিষয়ে নিশ্চিত নই - জেব্রাক্রসিং এ রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপা পড়লে ব্যথা কম লাগবে কিনা বা মারা গেলে সেটা বেশি সুখের হবে কিনা। 

দুবনা, ১৮ ডিসেম্বর ২০২৪

Comments

Popular Posts