শেখা
গত রোববার শরিফুলের সাথে দেখা করলাম। ও মস্কো ফিজিক্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে পড়তে এসেছে। ওর সম্পর্কে আমাকে বলে মিশরের এক গবেষক যে কয়েক বছর আগে দুবনায় আমার সুপারভিশনে তিন সপ্তাহের একটি কোর্স করেছিল। এরপর থেকেই শরিফুল নিয়মিত আমাকে লিখত। আমি বলতাম তোমার ভিন্ন সাবজেক্ট, সেখানেই চেষ্টা কর। শুধু বাইরে আসার জন্য সাবজেক্ট বদলানো ঠিক হবে না। আমাদের এখানে অনেক বিদেশী পড়াশুনা করে। ওরা প্রায়ই আমাকে ওদের সুপারভাইজার হিসেবে বেছে নেয়। আমার ধারনা এর মূল কারণ আমার সাথে ওরা ইংরেজিতে কথা বলতে পারে যদিও আমাদের ডিপার্টমেন্টের সবাই ইংরেজি বলে। এতে ওদের লাভ হয় না। কারণ গ্র্যাভিটেশনের উপর কাজ করার জন্য যে ম্যাথেম্যাটিক্যাল বেস দরকার তা অল্প সময়ে আয়ত্ত করতে পারে না আর সবচেয়ে বড় কথা দেশে ফিরে যাওয়ার পর এ নিয়ে আর কাজ করে না। শরিফুল মনে হয় আমার কথা বুঝতে পেরেছে আর তাই এখন এখানে নিজের সাবজেক্টে পড়াশুনা করতে এসেছে।
আমরা দেখা করলাম গ্যাগারিন সুপার মার্কেটে। ও মস্কোয় নতুন তাই বাপ্পী নামে আরেক বাংলাদেশি ছাত্রের সাথে এসেছিল। ওখানে আমরা কফি খেলাম গল্প করতে করতে।
স্যার আপনার অনেক সময় নষ্ট করলাম। - শরিফুল বলল।
তোমার কেন এমন মনে হচ্ছে? আমার সময় কখনো নষ্ট হয় না, সব সময়ই কিছু না কিছু শিখি।
আপনি আপনার ছেলের সাথে হাঁটতে যাবেন বলেছিলেন।
ও চাইলে আমরা এখনও যেতে পারি। আর ওর সাথে ঘুরলে তোমাদের সাথে দেখা হত না, অনেক কিছুই জানা হত না। আমাদের উদ্দেশ্য তো নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। শুধু মনটা খোলা রাখতে হয়, মনে সব জায়গা থেকে সব সময় নতুন অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ জাগিয়ে রাখতে হয়। তাহলেই আর সময় নষ্ট হয় না।
আরোও কিছুক্ষণ একসাথে কাটিয়ে ওরা হোস্টেলে চলে গেল। আমি ওশানে ঢুকলাম মনিকার জন্য টুকিটাকি জিনিস কিনতে। এখানে আমি আইকার জন্য ডায়াপার কিনতাম। আইকা সেভার বন্ধু, ২০১১ সালে গুলিয়া চিহুয়াহুয়া আইকাকে কিনেছিল সেভার জন্য। ছয়মাস আগে মারা গেছে। কিন্তু আমি যখনই এখানে আসি আইকার কথা মনে পড়ে।
মস্কো, ০৮ ডিসেম্বর ২০২৪

Comments
Post a Comment