গুলিয়া
আজ গুলিয়ার জন্মদিন। ১৯৬৬ সালের ০৬ এপ্রিল যাত্রা (সেই সাথে যাত্রা পালাও) শুরু। আমাদের পরিচয় অবশ্য অনেক পরে, ১৯৯১ সালে। এরপর অনেক চড়াই উৎরাই পার হয়েছে গত ৩৫ বছরে। প্রেম, সন্তানদের জন্ম, ঝগড়া, কয়েক বছর আলাদা থাকা। তবে এসব কিছুর মধ্যেও ভালোবাসার ঘাটতি ছিল না। আলাদা থাকাটা আমার জন্য সুফল বয়ে এনেছে। ঐ সময় যদি আমি কাজ, ফটোগ্রাফি আর সংসার নিয়েই দিন কাটিয়ে দিতাম, সেপারেশনে সময়টা কাটে লিখে আর বন্ধুদের সাথে নতুন করে যোগাযোগ স্থাপন করে। সে অর্থে আমি লাভবান হয়েছি তবে ছেলেমেয়েরা বিশেষ করে সেভা ছোট থাকায় মানসিক ধকলটা ঠিকমত নিতে পারেনি। আসলে বাবা মার সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী সন্তানেরা। আমরা নিজেরা সেটা কাটিয়ে উঠেছি। সময়ের সাথে ভালোবাসা গাঢ় হয়েছে পুরানো মদের মত। বুঝেছি যে আমির চেয়ে আমরা ভালো, আর আমরার বন্ধন শক্ত করার জন্য মাঝেমাঝে আমিকে ছাড় দিতে হয়। আজ ক্লাস। গতকাল মস্কো এসেছি। দুবনা ফিরতে ফিরতে আজকের দিন পেরিয়ে ৭ তারিখ হবে। তখন না হয় স্বাস্থ্য পান করা যাবে। আমি অবশ্য মনিকা, ক্রিস্টিনা আর সেভাকে নিয়ে কেক কাটব গুলিয়ার অনুপস্থিতিতেই।
মস্কো, ০৬ এপ্রিল ২০২৬

Comments
Post a Comment