বাংলাদেশ

সেদিন গেলাম ডাক্তার দেখাতে।  
- কি হয়েছে? 
- কয়েকদিন আগে একটা প্যাকেট উঠাতে গিয়ে সেই যে বসলাম আর উঠতে পারি না। এখনও চলাফেরা করতে সমস্যা। ঘুমুতে পারি না।
- এর আগে আপনাকে তো ব্যথার ওষুধ দিয়েছিলাম, ওটা খেয়েছেন? 
- না। 
- কেন? 
- নেটে দেখলাম ওটা খেলে নাকি মেমোরি লস হয়। আমি এমনিতেই সব ভুলে যাই। 
- দেখুন ওটার নর্মাল ডোজ তিন বেলা তিনটি ট্যাবলেট। আমি আপনাকে বললাম রাতে অর্ধেক ট্যাবলেট খেতে। তাতে সকালে ঘুম ভাঙলে বেশ ফ্রেস লাগবে। 
- একটা খেলে কি আর ঘুম ভাঙবে না? 
- ইস, কি যে সব বলেন? আপনার তো বিভিন্ন ক্রনিক্যাল অসুখের সমস্যা, তাই না? 
- হ্যাঁ। কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, হার্ট, কিডনি, স্টোমাক,......
- থামুন, থামুন। আপনার এই ছোট্ট শরীরে এত অসুখের জায়গা হয় কীভাবে? 
- জানেন তো আমার জন্ম বাংলাদেশে।
- তাতে কী?
- জানেন বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত?
- লোকসংখ্যার জন্য। ঐ ছোট্ট এতটুকু দেশে নাকি ১৭ কোটি মানুষ বাস করে।
- হুম। আমার এই ছোট্ট শরীরেও তাই কয়েক কোটি অসুখ নিশ্চিন্তে বসবাস করতে পারে। অন্তত অসুখবিসুখের জন্য আমি নিজেই ঠিক একটা বাংলাদেশ।
- তা যা বলেছেন! যান, এবার বাসায় গিয়ে ওষুধটা খেয়ে নিন। দেখবেন ভাল ঘুম হবে। ভয় নেই, সকালে ঠিক ঘুম ভাঙ্গবে।

দুবনা, ১২ নভেম্বর ২০২৫

Comments

Popular Posts