প্রশ্ন

আমার মনে প্রায়ই প্রশ্ন জাগে এত ভুলো মন নিয়ে আমি গবেষণা করি কীভাবে? 

প্রায় দুই মাস হল আঙুল ব্যথা। সমস্যা হল ব্যথাটা টের পাই হাঁটার সময়। তাই বাসায় ফিরে যে একটু দেখব সমস্যাটা কি তা হয়ে ওঠেনি। প্রথমে ভেবেছি জুতায় কিন্তু জুতা বদলিয়েও ব্যথা ডিপোর্ট করতে পারিনি। অগত্যা ডাক্তারের পরামর্শ। তিনি তরল নাইট্রোজেন দিয়ে জায়গাটা পুড়িয়ে দিয়ে বললেন সাতদিন পরে আঁচিল কেটে ফেলতে। ওনার চেম্বার থেকে বেরিয়ে মনে হল আমি ঠিক জায়গাটা দেখাইনি। এটা বাম পায়ের অনামিকার নীচে নয়, হবে মধ্যমার উপরের দিকটা। আমার ঐ আঙুলটা দেশে থাকতেই একটু ফোলা। হয়তোবা ওখানেই সমস্যা। এক সপ্তাহ পরে আবার গেলাম। এবার আমার কথামত উনি মধ্যমার উপরের দিকটা তরল নাইট্রোজেন দিয়ে পুড়িয়ে দিলেন। ব্যথা কম। তবে সেটা কোমরের ব্যথার কারণে কিনা সে বিষয়ে আমি সন্দিহান। ঐ ঘটনার দুই সপ্তাহ পরে এই মাত্র আমি খেয়াল করলাম যে দেশ থেকে যে আঙুলে সমস্যা ছিল ওটা ডান পায়ে এবং সেটা মধ্যমা নয়, অনামিকা। আচ্ছা যে নিজের পায়ের আঙুলের খোঁজ রাখতে পারে না সে সুদূর মহাকাশের তারাদের খবর রাখবে কীভাবে?

দুবনা, ০২ নভেম্বর ২০২৫

Comments

Popular Posts