নিষেধাজ্ঞা
আজ গুপ্তচরবৃত্তিতে বেরুলাম আশেপাশের বাড়িগুলোয়। উদ্দেশ্য, দেখা কোথায় কী ফুল ফুটেছে আর পরে বিকেলের রোদে এসবের ছবি তোলা। আগে এসব বাগানের সামনে সাইনবোর্ডে লেখা থাকত কুকুরের প্রবেশ নিষেধ নীচে কুকুরের ছবি উপর লাল এক্স চিহ্ন। এবার দেখি সাথে নতুন নিষেধাজ্ঞা - দু'টো পা এর উপর লাল এক্স চিহ্ন, পাশে লেখা বাগান মাড়ানো নিষেধ। কেন যেন মনে হল এটা আমাকে উদ্দেশ্য করেই লেখা। কারণ একমাত্র আমিই এসব বাগানে ঢুকি ছবি তোলার জন্য। অন্যদের দোষ দিয়ে লাভ কি যেখানে নিজের বৌ বাগানে ঢুকতে দেয় না। বলে আমি নাকি মাটির পাত্রের দোকানে হাতির মত সব গাছ ভেঙে একাকার করি। ওটা আসলে মোটেই ঠিক নয়। তবে কোন গাছ, ডাল বা পাতা ছবির কম্পোজিশন নষ্ট করলে ওসব ভাঙি বা কাটি। ভালো ছবির জন্য এটুকু স্যাক্রিফাইস করতেই হয়। ভাবতে হবে নতুন নিষেধাজ্ঞা কিভাবে এড়িয়ে চলা যায়!
দুবনা, ২৯ মার্চ ২০২৫

Comments
Post a Comment