অল্প বিদ্যা ভয়ঙ্করী
আজকাল ফেসবুকে বা হোয়াটসাপ গ্রুপে প্রায়ই বিভিন্ন শব্দ বা বাক্য দেখি যার এক অক্ষরও আমি বুঝি না। তাই এড়িয়ে যাই। এই বোঝার বোঝা আমি অনেক দিন বয়ে বেড়িয়েছি। সেই গল্পই বলছি। আমি বাংলা, ইংরেজি আর রুশ বাদে অন্য কোন ভাষা জানি না। ইতালিতে অনেক দিন ছিলাম, তাই টুকিটাকি শিখেছিলাম দোকানপাটে ব্যবহার করব বলে। কিন্তু যখন দোকানে ঢুকে ইতালিয়ান ভাষায় সম্বর্ধনা জানাতাম আর কোন জিনিসের দাম জিজ্ঞেস করতাম, ওরা ভেবে নিত আমি ইতলিয়ান জানি, ফলে এরপরে ওরা যা বলত তার এক অক্ষরও আমি বুঝতাম না। তাই এরপর শুধু ইংরেজিতেই বলতাম। আমার পোস্ট যারা পড়ে তারা এতদিনে জেনে গেছে যে আমাদের বাসা অনেক কুকুর বিড়ালের লীলাভূমি। যেহেতু ওদের ভাষা সমস্যা নেই আমি যখন যা মনে আসে তাই বলি ওদের - যেমন সগাঝচল্কচ ইয়ফুশফসগজকগ - ওরা ঠিক বোঝে, তবে না বুঝলেও সমস্যা নেই। তা অনেক দিন আমার ধারণা ছিল "কিয়া বাত হ্যায়" মানে "কি বলতে চাও"। তাই ওরা এসে যখন আমার কাছে কিছু চাইত, জিজ্ঞেস করতাম - কিয়া বাত হ্যায়। ওরা মহা আনন্দে লেজ নাড়তে নাড়তে খুশির বিভিন্ন শব্দ করত। কিছুদিন আগে জানলাম কিয়া বাত হ্যায় মানে খুব ভালো। এখন মনে হয় কুকুরেরা ঠিকই হিন্দি বুঝতে পারত আর তাই আনন্দের লেজ নাড়ত। আমি নিজে না বুঝে ওদের প্রশংসা করতাম। একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী।
দুবনার পথে, ২৪ মার্চ ২০২৫

Comments
Post a Comment