ডকুমেন্ট

গতকাল হঠাৎ জানতে পারলাম আমি এটা আমি নই, আমি এটা অন্য কেউ। হ্যাঁ, আমি বেশ কিছুদিন হল অন্য মানুষ হয়ে গেছি, কিন্তু কে সেটা বুঝতে পারছি না। গল্পে পড়েছি শঙ্করাচার্য প্রেম সম্পর্কে জ্ঞানার্জনের জন্য এক রানীর শরণাপন্ন হন এবং সেই দেশের সদ্য মৃত রাজার মৃতদেহে প্রবেশ করে প্রেমের পাঠ নেন। আমার অবশ্য তেমন কিছু ঘটেনি। গতকাল সাঁতার কাটতে গিয়ে দেখি আমি গত এক সপ্তাহ ধরে যে মান্থলি টিকেট পকেটে করে ঘুরে বেড়াচ্ছি সেটা অন্য লোকের। স্তালিনের একটি বিখ্যাত উক্তি "মানুষ নেই, সমস্যা নেই" প্রায়ই ভিন্ন ভাবে ব্যবহার করা হয় "ডকুমেন্ট নেই, মানুষ নেই"। আমারও ঠিক সেই অবস্থা। অবশ্য আমি জানার আগেই ওরা এটা টের পেয়েছে, তাই বলল, আমরা ব্যাপারটা জানি, আপনার মান্থলি হাতে পেলেই রেখে দেব। যাহোক গতকাল একটা কাগজ দিয়ে সাময়িক কাজ করা হল। বলল আমি বেরুনোর আগেই ওরা সব ঠিক করে ফেলবে। কিন্তু যখন বেরুলাম, জানলাম, এখনও খুঁজে পায়নি। তবে বলল, কোন সামস্যা নেই। আমি জানি সমস্যা নেই। এদুয়ারদ উস্পেনস্কির আঙ্কেল ফিওদর, বিড়াল ও কুকুর নামে বাচ্চাদের এই বই ছিল। তিনি মূলত বাচ্চাদের জন্যই লিখতেন আর আমার এক ঝাঁক ছেলেমেয়ে থাকায় ওসব বই প্রায় প্রায় মুখস্ত। ওখানে একদিন বিড়ালের কাছে ডকুমেন্ট চাওয়ায় ও বলেছিল - গোঁফ, থাবা আর লেজ - এই আমার ডকুমেন্ট। দুবনায় আমার গায়ের প্রায় ইউনিক কালার আমার ডকুমেন্ট। তাই ডকুমেন্টে যাই হোক, আমার হারিয়ে যাওয়া বেশ প্রব্লেম্যাটিক।

দুবনা, ১২ এপ্রিল ২০২৪

Comments

Popular Posts