কে বেশি বুদ্ধিমান

আজ বাসা থেকে বেরুতেই দেখা হল এক সাঁতার সঙ্গিনীর সাথে। সাঁতার সঙ্গিনী মানে সেই সব মহিলা যাদের সাথে আমি ভোলগায় সাঁতার কাটি।
- এখনও সাঁতার কাটতে শুরু কর নাই? উনি জিজ্ঞেস করলেন। 
- না, সময় পাইনি। কাল চেষ্টা করব যেতে। তুমি শুরু করেছ? 
- সাঁতার কাটিনি তবে সান বাথ করেছি। তুমি করনি সানবাথ? ও, তোমার তো সেটা দরকার নেই। 
- হ্যাঁ, আমি ছোটবেলায় সানবাথের ভ্যাকসিন নিয়েছি তাই আর এখন রোদে শুয়ে থাকতে হয় না তোমাদের মত। 

কথা শেষ করলে হাঁটতে শুরু করলাম অফিসের দিকে। আজ আবার গরম তাই শার্ট আর প্যান্টের হাত পা খুলে বাসায় রেখে এসেছি। যদিও এ ব্যাপারে ওদের কিছুই বলিনি, তবুও মশারা কেমনে কেমনে যেন টের পেয়ে গেছে। দৌড়ে এসে শুরু করল হাত পা ধরে টানাটানি। যতই বলি হাতে পায়ে ধরার দরকার নেই, এমনিতেই তোমাদের কথা শুনছি, কিন্তু কে শোনে কার কথা। দিল তো কয়েক জায়গায় রক্ত বের করে। 

মনে মনে ভাবলাম, কে বেশি স্মার্ট - মহিলা না মশারা? মহিলা আমার যে সানবাথের দরকার নেই সেটা প্রথমে বুঝতে পারল না, মশারা ঠিকই বুঝে গেছে হাতে পায়ে ধরে আবদার করার এটাই মোক্ষম সময়।

দুবনা, ০৫ জুন ২০২৬

Comments

Popular Posts