ক্রিস্টিনা

ক্রিস্টিনা ছবি পাঠাল পিটারের ইয়োগা বা যোগ ব্যায়ামের মিউজিয়াম থেকে। আমার ছেলেমেয়েদের মধ্যে একমাত্র ক্রিস্টিনাই আমাদের দেবদেবী, সংস্কৃতি নিয়ে জানতে চায়। 
- আমাদের যেমন ঈশ্বর, ঈশ্বর পুত্র যীশু আর হলি সোল - এই ট্রিনিটি আছে তোমাদের তেমন কিছু নেই?
- ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর- এরা আমাদের ত্রিমূর্তি।
- ব্রাখমা, ভিষ্ণু জানি কিন্তু মাখেশ্ভরের নাম তো শুনিনি।
ও রুশ ভাষায় নামগুলো বলল।
- এটা শিবের আরেক নাম।
- ও! শিভা। জানি। 
- ইহুদিদের তো একজন। আমাদের তিনজন কেন?
- মনে হয় একা একা বোরিং লাগে। তাই সাথী তৈরি করেছে।
- তাহলে তো দু' জনই যথেষ্ট।
- একসাথে চলতে গেলে বিভিন্ন বিষয়ে মতানৈক্য হয়। যেমন মনিকা সেভাকে যখন বলে কে প্লেট না ধুয়ে রেখেছে তখন সেভাকেই অভিযুক্ত করা হয়। কিন্তু ওখানে আমি থাকলে সেভা মনে করতে পারে যে মনিকা আমাকেই বলছে। কথাটা বলা হল আবার কাউকে সরাসরি অভিযুক্ত করা হল না। এটা ঐশ্বরিক ডিপ্লোম্যাসি।
- ওদের জন্য ক্লাস কি তুমি নাও?
- না। তবে চাইলে কনসাল্ট করতে পারি। 
- হুম।
- ডিফেন্স তো হল। এবার কি?
- বারে যাব। অনেক ওয়াইন খাব।
- ঠিক আছে।
হ্যাঁ গতকাল ও ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করল সব বিষয়ে পাঁচ পেয়ে। কলেজ শেষ করে বেশ কয়েক বছর এখানকার এক নামকরা গ্রুপে কাজ করেছে। পরে নিজেই পিটার গেছে পড়তে। গতকালই বলেছিলাম কোন ক্যাফেতে যেতে। আজ ওর ইয়োগা ম্যারাথনের শেষ দিন বলে যায়নি। আজ বারে যাবে বলে প্ল্যান করেছে।
- তোমার ক্লাস পরীক্ষা এসব শেষ?
- হ্যাঁ।
- তাহলে কি এই রোববার মস্কো আসবে না?
- আসব।
- আচ্ছা। এমনি মনিকা আর সেভার সাথে দেখা করতে নাকি আরও কাজ আছে?
- আমার প্রমোশন হল। প্রফেসর হলাম। কাগজপত্র জমা দিতে আসব। যাক ওটা কার্যকর হবে সেপ্টেম্বর থেকে ক্লাস যখন শুরু হবে। 
- বুঝলাম।
- ঠিক আছে। পরে ফোন করিস।

দুবনা, ২১ জুন ২০২৫

Comments

Popular Posts