আমি কে?

আজ যখন মস্কো এসে পৌঁছেছি দেখি বাসার সামনে রাস্তায় নতুন কিছু গাছ লাগাচ্ছে। ওদের কয়েক জন আমার দিকে তাকিয়ে আছে। এখানে যারা এসব কাজ করে এদের বেশিরভাগই মধ্য এশিয়ার। বলিউডের সিনেমা প্রেমিক। তাই ওদের অনেকের চোখে আমরা সিনেমার নায়ক। তবে এদের দেখে ঠিক মধ্য এশিয়ার বলে মনে হচ্ছিল না। ভাবলাম এই গরমে জ্যাকেট গায়ে দেখে হয়তো ওরা অবাক হচ্ছে। গরম সত্যি খুব। ২৬ ডিগ্রি। দুবনায় ২০ এর উপরে। কিন্তু বাসা থেকে বেরুনো সময় ঝপ ঝপিয়ে বৃষ্টি নামল। তাই জ্যাকেট গায়ে চড়াতেই হল। কিন্তু আমাকে অবাক করে ওদের একজন প্রশ্ন করল
- সাংবাদিক?
- না।
আমার কাঁধে ক্যামেরার ব্যাগ দেখে এই প্রশ্ন। এখানে এরকম প্রশ্ন কেউ সাধারণত করে না। হয়তো গ্রাম এলাকায় করে। খুব সম্ভব এরা প্রত্যন্ত অঞ্চল থেকে। তবে অবাক হবার পালা এখানেই শেষ নয়।
- আপনি চীন থেকে? 
আমিতো আকাশ থেকে পড়লাম। ইন্ডিয়া তো হর হামেশাই বলে, কখনো সখনো পাকিস্তান। কালেভদ্রে বাংলাদেশ। আসলে এটা নির্ভর করে যে বলছে সে পাকিস্তান বা বাংলাদেশের মানুষের সংস্পর্শে এসেছে কিনা। অনেকেই আমাকে কিউবান মনে করে। অনেকেই আফ্রিকান ভাবে। একবার একজন তো আরব বানিয়ে দিয়েছিল। এই প্রথম চীনা হলাম। এটা কি অগ্রগতি নাকি আমার মধ্যে দুই নম্বরি কিছু দেখতে পেয়েছে ওরা? না বলে ওদের পাশ কাটিয়ে চলে এলাম আর সেই মূহূর্তে নিজের এই ছবিটা নিলাম। দেখার জন্য নিজেকে চীনা মনে হচ্ছে কিনা। দেখেন তো আমাকে কার মত লাগছে?

মস্কো, ০৮ জুন ২০২৫

Comments

Popular Posts