শীত স্নান
আজ সন্ধ্যা থেকে রাশিয়ায় খৃষ্টান ধর্মে বিশ্বাসীরা নদী বা জলাশয়ে ডুব দিয়ে পাপস্খলন করবে। আমার অনেক দিনের শখ শীতে নদী বা হ্রদে ডুব দিয়ে স্নান করার। এটা ধর্মীয় কারণে নয়, নিজের ইচ্ছে শক্তির পরীক্ষা করা। অন্য দিনও করা যায়। তবে এই উপলক্ষ্যে স্নানের জায়গাগুলোতে ডাক্তার, পুলিশ, ডুব দিয়ে উঠে তাঁবুতে বসে গরম চা খাওয়ার ব্যবস্থা থাকে। এক কথায় ধর্ম না মানলেও ওদের কাছ থেকে সুবিধা গ্রহণ করা যেমন বিজ্ঞান অস্বীকার করে এর সুবিধা নেয় ধর্মীয় মৌলবাদীরা। গুলিয়াকে বলায় বলল
খেয়েদেয়ে আর কাজ নেই।
আমিও দেখলাম আমার কোন পাপ নেই যা ধুয়ে ফেলতে হবে। তাছাড়া এখন তাপমাত্রা +৩। সাধারণ এ সময় -২০ থাকে। তাই ভাবলাম ছুঁচো মেরে হাত নষ্ট করে কি লাভ? পরে যখন সত্যিকার ঠান্ডা পড়বে তখন না হয় জলের সাথে একটু খুনসুটি করা যাবে।
দুবনা, ১৮ জানুয়ারি ২০২৫

Comments
Post a Comment