কথা

 কথা ছিল মস্কো যাবার। সেভার জন্মদিন। কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠল না। আসলে কোথাও যাওয়া আমার জন্য এক বিশাল সমস্যা। চার্চিল মনে হয় বলেছিলেন উনি বসতে পারলে দাঁড়ান না, আর শুতে পারলে বসেন না। আমিও অনেকটা সেরকম। তাছাড়া সেভা এসব খুব একটা কখনোই পছন্দ করে না। যদি আন্তন, মনিকা বা ক্রিস্টিনা বন্ধুদের নিয়ে ওদের জন্মদিনে হৈচৈ করে, সেভা বলতে গেলে কারও সাথেই মেশে না। আমার মত ও নিজেই নিজের সবচেয়ে বড় ও কাছের বন্ধু। তাছাড়া আমি মস্কো গেলে গুলিয়াকে একা থাকতে হয়। শত হলেও এটা শুধু সেভার নয় আমাদেরও উৎসব। শিল্পী না থাকলে শিল্প হয় না, শিল্পের দামের ছিটেফোঁটা শিল্পীদেরও প্রাপ্য। তাই ঠিক হল আমি কাল বা পরশু যাব এক বা দুদিনের জন্য। আজ গেলাম দোকানে - কেক কিনতে। ছেলেমেয়েদের জন্মদিন মানেই গুলিয়ার জন্য কেক - এটা ওর ভাষায় আইনত প্রাপ্য। একটু বনে ঘুরে আমরা যাচ্ছি দোকানে কেক কিনতে।

দুবনা, ০২ জানুয়ারি ২০২৫

Comments