আমি কে?

গতকাল সকালে খুব ভাঙতেই দেশ থেকে এক বন্ধুর ফোন পেলাম। 
ঈদের শুভেচ্ছা! কী খবর? 
এই তো কক্সবাজারে ছুটি কাটাচ্ছি। 
ভালো। তা ওখান থেকে স্যুটেড বুটেড হয়ে সাঁতার কাটার একটা ছবি পাঠাও। 

আরও টুকটাক কথাবার্তা। 

বন্ধু ছেলে বিয়ে দিয়েছে। শুনেছ? 
না, আমার সাথে যোগাযোগ নেই। 
আমার সাথেও তেমন নেই। তোমার খুব সমালোচনা করল। 
তাই? হঠাৎ? 
তুমি নাকি কি সব লেখ ধর্ম টর্ম নিয়ে? 
ভালো খবর তো। আরও একজন পাঠক পাওয়া গেল। 
না না। এর মধ্যে অনেকের সাথে কথা হল। কেউই তোমাকে বুঝে না, তুমি আস্তিক না নাস্তিক, লেখক না বিজ্ঞানী, ফটোগ্রাফার না অন্য কিছু। কেউই আগামাথা বুঝতে পারে না। 
তাই তো বলি, বেশ কিছুদিন যাবত আমার শরীর ব্যাথা কেন? খুব হাড্ডি কচলালে মনে হয়? 
না, তেমন না। তবে সবার এক প্রশ্ন বিজন কে? সে কার এজেন্ট? 
সি আই এ -র নই সেটা ঠিক। 
আবার ঠাট্টা। 
সক্রেটিস অনেক আগেই বলেছিলেন নিজেকে জানার জন্য। এখনও জানতে পারিনি। তাই আমি কে সেটা তো বলতে পারব না। 

তুমি কে কেন জন্ম কিসে বা কল্যাণ
এই রূপ প্রশ্ন করি লভ তত্ত্বজ্ঞান 

আবার শুরু করলে। আমি সিরিয়াসলি বলছি। সবার এক প্রশ্ন। তুমি সবার জন্য পাজল। 
পাজল নয়, পাজি। 
তা কি বলব ওদের? 
ওদের বল আমি কোয়ান্টাম আনসারটেন্টিতে আছি। একটা জানতে গেলে বাকি দশটা মিস করবে। তাই এসব নিয়ে না ভাবাই ভালো। 

আরও কিছুক্ষণ কথা বলে রাখলাম। অনেক দিন কারো সাথে যোগাযোগ রাখা হয় না। ভেবেছিলাম ভুলেই গেছে। ইদানীং কালে গলাবুক জ্বলা, হাড্ডি ব্যথা করা - এসবের কারণ অন্তত খুঁজে পাওয়া গেল।

দুবনা, ৩০ জুন ২০২৩

Comments

Popular Posts