হাত

গত পরশু এক টেইলার্সে গেলাম পকেট ঠিক করতে। রাশিয়ায় আজকাল এই এক সমস্যা - কয়েকটি বোতাম লাগাতে যে চার্জ নেয় তা দিয়ে নতুন জামা কেনা যায়। ভদ্রমহিলা স্থানীয় নন। উদমুর্তির। 

আপনি ভারতীয়?
না, বাংলাদেশী।
এরপর তাকে অনেকক্ষণ ধরে ভূগোল আর ইতিহাস বোঝালাম।
আমি এখন এক ভারতীয় ভদ্রলোকের কাছে ইংরেজি শিখি। 
তাই? 
একটা ছবি বের করে দেখিয়ে জিজ্ঞেস করলেন 
চেনেন নাকি?
না। ও দুবনায় থাকে?
না। অনলাইন ক্লাস।
আচ্ছা। দেখে মনে হয় ভারতীয় বংশোদ্ভুত। তবে অনলাইনে তো যেকোন দেশ থেকেই ক্লাস নেওয়া যায়। 
আপনি জেআইএনআর-এ কাজ করেন?
হ্যাঁ।
কিসের উপর গবেষণা করেন?
কসমোলজির উপর।
ডার্ক ম্যাটার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন।
সংক্ষেপে বললাম।
আর ডার্ক এনার্জি?
সেটা নিয়েও কথা বললাম।
আপনি বিগ ব্যাং তত্ত্বে বিশ্বাস করেন?
আমরা বিশ্বাসে বিশ্বাস করি না। অবিশ্বাসী। তবে বর্তমানে আমাদের তাত্ত্বিক জ্ঞান ও পর্যবেক্ষণ বলে যে বিগ ব্যাং -এর মধ্য দিয়ে মহাবিশ্বের উৎপত্তির সম্ভাবনা সবচেয়ে বেশি।
আমি বিশ্বাস করি না।
সেটা আপনার অধিকার।
ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়া মহাবিশ্বে কি কিছু হয়?
আমাকে চুপ করে থাকতে দেখে আবার বললেন 
কি ব্যাপার, উত্তর দিচ্ছেন না যে?
ভাবছি?
কী ভাবছেন?
ভাবছি হাত না থাকলে কেউ হস্তক্ষেপ করবে কিভাবে?
ঈশ্বরের হাত নেই বলছেন কেন?
যদি ঈশ্বর নাই থাকেন তাহলে হাত থাকবে কিভাবে? আবার ঈশ্বর যদি থাকেনও আর তিনি যদি নিরাকার হন তাহলেই বা হাত আসে কোত্থেকে?
দু জনেই হো হো করে হেসে উঠলাম। ইতিমধ্যে আমার পকেট রেডি। আসলে দু সেন্টিমিটার লম্বা একটা সেলাই বা ফোর দেয়া। এটা আমি জানতাম। কিন্তু তিনি কেন যেন প্রথমে অন্যভাবে করার চেষ্টা করলেন এবং পরে সেটা বাদ দিয়ে জিজ্ঞেস করলেন
আমি এভাবে সেলাই করলে উপরে সেলাই দেখা যাবে, আপনার অসুবিধা হবে না তো? 
কোন অসুবিধা নেই।
পনের মিনিট লেকচার আর এক মিনিট সেলাই। 
কত দিতে হবে?
একশ রুবল।
আমি আর কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে চলে এলাম। লেকচারের জন্য চার্জ করা যেত। তবে জ্ঞান বিনামূল্যে বিতরণ করাই ভালো।

মস্কো, ১৮ জুন ২০২৩

Comments

Popular Posts