দক্ষিণা
গতকাল মস্কোর আসার সময় দেখি বাজে আবহাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে শত শত গাড়ি মানববন্ধন কর্মসূচি পালন করছে। ওদের সমর্থন করে দাঁড়িয়ে আছে রাস্তা। সে এক বিদিকিচ্ছিরি ব্যাপার। ফলে দু ঘন্টা লম্বা হতে হতে সাড়ে তিন ঘণ্টায় দাঁড়াল। আমি বাসে বা ট্রেণে সাধারণত পড়ি। কিন্তু দাঁড়িয়ে থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। একসময় বাসের ড্রাইভারকে বললাম কোথাও কোন পেট্রল পাম্পে ঢোকাতে। আচ্ছা বলে গাড়ি টান দিল। পথে কত বন, কত ফাকা জায়গা - ওর আর থামার নাম নেই। শেষ পর্যন্ত মস্কো এসে পৌঁছলাম। সোজা বাসায় গেলে তিন স্টপেজ পরে চেঞ্জ করে সেন্ট্রাল রিং এ উঠতাম। ওখানে ওয়াশ রুম আছে। কিন্তু আমি যাচ্ছি একুশের অনুষ্ঠানে। এক বন্ধু আমাকে তুলে নেবে ভেদেএনখা থেকে। তাই যোগ বিয়োগ যা করার এখানেই করতে হবে। মেট্রোর পাশে যে টয়লেট সেটার চার্জ ৫০ রুবল। তবে কার্ড নিচ্ছে না। আমার পকেট গড়ের মাঠ। কি করা? গেলাম পাশের ভকুসনা ই তোচকা মানে এক্স ম্যাকডোনাল্ডে। কাজ সেরে ভাবলাম কিছু একটা খেয়ে নেই। আইসক্রিম নিলাম ৪৩ রুবল দিয়ে। পরে হিসেব করে দেখলাম এই অপারেশনে আমি শুধু ফ্রি আইসক্রিমই খেলাম না উল্টো ৭ রুবল দক্ষিণা পেলাম।
মস্কো, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Comments
Post a Comment