অবাক কান্ড
বেশ কিছুদিন আগে (২৩ জানুয়ারি) দুপুরে ক্রিস্টিনা একটা ছবি পাঠিয়ে জানতে চাইল আমি ছবির মানুষদের চিনি কিনা। একটু ব্যস্ত ছিলাম। তাছাড়া মনে হল ও মস্কো বা পিতেরবুর্গে কোন বাঙালি বা ভারতীয়দের দেখে ছবি তুলেছে। ছবি তুলেছে সাইড থেকে তাই মুখ পুরোটা দেখা যাচ্ছে না। তাই ততটা মনোযোগ দিয়ে না দেখেই বললাম
নারে, ঠিক চিনতে পারছি না।
ক্রিস্টিনা অবাক হয়ে লিখল
দিয়ানা যে বলল এরা তোমার ভাই ও ভাস্তে।
এবার আমার অবাক হবার পালা। দিয়ানা (ডায়ানা) বন্ধু যুগলের মেয়ে। দেশে বেড়াতে গেছে। আমার জন্য কিছু জিনিস পাঠাতে ভাই গেছে ওদের সাথে দেখা করতে।
হ্যাঁ মনে পড়েছে। আজ ওদের দিয়ানা আর যুগল আঙ্কেলের সাথে দেখা করার কথা। যাহোক এরপর আমরা আরও অনেক সময় ধরে কথা লিখলাম। পরে যখন ভাবলাম আমি কেন সাথে সাথে ওদের চিনলাম না যদিও একটু খেয়াল করে দেখলে না চেনার কথা ছিল না, বুঝলাম সেটা প্রশ্নের কারণে। আসলে ক্রিস্টিনার হাতে আমি ছাড়া অন্য কারও মাধ্যমে রতন বা ঋতমের ছবি আসতে পারে সেটা ছিল ধারণার বাইরে। দ্বিতীয়ত ওর প্রশ্ন ছিল এদের চিনি কিনা। এতে মনে হয়েছে আমাদের এলাকার কারো সাথে হঠাৎ দেখা তাই কিউরিসিটি থেকে জানতে চাইছে। কিন্তু যদি জিজ্ঞেস করত এরা কে তখন হয়তো আমার প্রতিক্রিয়া হত অন্য রকম। ভালো করে দেখে তার পর উত্তর দিতাম। অথবা আবারো দায়সারা ভাবে বলতাম জানি না। কে জানে? এজন্যই বলে সঠিক উত্তর পাওয়ার জন্য সঠিক ভাবে প্রশ্ন করা খুবই জরুরি।
দুবনা, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Comments
Post a Comment