পালাবে কোথায়?

আমি আজকাল অফিস থেকে বাসায় ফিরলে গুলিয়া প্রথমেই যে প্রশ্নটা করে তা হল আমি আবার কোথাও যাব কিনা।‌ আসলে আমি সাধারণত রবিবার আর সোমবার মস্কো থাকি, মঙ্গলবার যাই নদীর ওপারে ফটো ক্লাবে, বুধবার আর বৃহস্পতিবার সাঁতার কাটতে আর ফটো ক্লাবে। শুক্রবার ও শনিবার প্রায়ই বেরিয়ে পড়ি ছবি তুলতে। তাই এই প্রশ্ন। যদি কোন কারণে কোথাও না যাই গুলিয়া তাহলে ওর কুকুরের বস্তা আমার ঘাড়ে চাপিয়ে নিজেই বেরিয়ে পড়ে বড় কুকুরটাকে নিয়ে ঘুরতে। আসলে ভালো হত দু'জনে একত্রে ঘুরতে পারলে কিন্তু কুকুরদের যন্ত্রনায় সেটা ছুটির দিন ছাড়া খুব একটা হয়ে ওঠে না। 

একটা জিনিস খেয়াল করলাম কুকুর বিড়ালরা সব বাচ্চাদের মত। কোন কিছু দরকার হলে হয় করুন সুরে শব্দ করবে অথবা সামনের দুই পা দিয়ে খামচে ধরবে ঠিক যেমনটা ছোট বাচ্চারা করে কথা শেখার আগে। আর বাচ্চাদের মতই অসময়ে চিৎকার চেঁচামেচি করবে। বিশেষ করে রাতের বেলায় যখন প্রতিবেশীদের ঘুম ভেঙ্গে যাবে বলে কিছু বলা যাবে না। 

যাহোক আজ যখন গুলিয়া জিজ্ঞেস করল কোথাও যাব কিনা, বললাম
সাঁতার কাটতে যাব।
আজ না সোমবার? সোমবার তো সাঁতার কাটতে যাও না। 
আমি গত সপ্তাহে যেতে পারিনি তাই আজ যাচ্ছি।
যখন সুইমিংপুলের দিকে হাঁটছিলাম ভাবলাম গুলিয়া আমার রুটিন মুখস্থ করে ফেলেছে। পালাবে কোথায়?

দুবনা, ১৬ জানুয়ারি ২০২৩

Comments

Popular Posts