ফটোগ্রাফার
আমরা যারা ফটোগ্রাফি করি তাদের মধ্যে একটা গল্প চালু আছে।
এক ফটোগ্রাফার গেছে বন্ধুর বাসায় বেড়াতে। বেশ কিছু ছবি নিয়ে গেছে উপহার হিসেবে। বন্ধুর স্ত্রী অনেকক্ষণ ছবি দেখে বললখুব সুন্দর ছবি। আপনার ক্যামেরা নিশ্চয়ই খুব দামী।
ফটোগ্রাফার কোন উত্তর দিল না। অনেকক্ষণ ধরে গল্পগুজব হল। পানাহার হল। খাওয়া দাওয়া শেষ। এবার বিদায়ের পালা। বেরুনোর আগ মুহূর্তে ফটোগ্রাফার বন্ধু পত্নীকে বলল
রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছিল। আপনার বাসনপত্র নিশ্চয়ই খুব দামী।
এটা একটা প্যারাডক্স। ভালো লেখকের কলমের দাম নিয়ে কেউ ভাবে না, সবাই জানে দরিদ্র দেশগুলোর ভালো ফুটবলাররা কমদামি বল নিয়ে রাস্তায় খেলেই বিশ্বসেরা হয় অথচ ফটোগ্রাফারের সব কৃতিত্ব নির্ভর করে ক্যামেরার উপর।
মনে হতে পারে হঠাৎ এ প্রসঙ্গ কেন। গতকাল এক পরিচিত ছেলে ফোন করল। ক্যামেরা কিনবে। কোন ক্যামেরা কেনা ভালো সেটা জানতে চাইছিল। ছাত্রজীবনেও অনেকেই আমার সাথে পরামর্শ করত ক্যামেরার ব্যাপারে। এখনও জানতে চায়। যথাসাধ্য চেষ্টা করি সাহায্য করতে।
হঠাৎ ক্যামেরা?
আসলে যে চাকরি করতাম সেটা খুব কষ্টসাধ্য। ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত বাইরে থাকতে হয়। তাই সেখান থেকে ছুটি নিয়েছি। ভাবছি ছবি তুলে বিক্রি করব।
ভালোই তো। প্রফেশনাল ক্যামেরা কিনবে?
না দাদা, আমি তো ছবি কখনও তুলি নি। ভাবছি ছবি তুলতে শিখব। আর ছবি তুলে অনলাইন শপে বিক্রি করব। তাই খুব সিম্পল একটা ক্যামেরা দরকার।
আচ্ছা। তোমার কোন চয়েস আছে?
ক্যানন ২০০০ কেমন হবে?
ছবির কোয়ালিটি তেমন ভালো হবে না তবে প্রথম ক্যামেরা হিসেবে নিতে পার।
ভাবছিলাম বলব ছবি ক্যামেরা তোলে না, তোলে মানুষ। আমি সাধারণত এটা দিয়েই শুরু করি। তবে বুঝলাম সে কথা বললে হিতে বিপরীত হতে পারে।
দুবনা, ১২ জানুয়ারি ২০২৩


Comments
Post a Comment