অপেক্ষা

গত রোববার নববর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও স্বেচ্ছাসেবকদের একটা ট্রিটের ব্যবস্থা করা হয়। সেই সাথে ভবিষ্যতে কী করা যায় এ নিয়ে আলোচনা। বাসায় ফিরতে ফিরতে মধ্যরাত পেরিয়ে গেছে। হঠাৎ করেই বিকট শব্দে জানালা কেঁপে উঠল। মনিকা এসে বলল এটা এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করল। ইউক্রেনের ড্রোন ধ্বংস করল। আমাদের বাসা থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০ মিনিটের হাঁটা পথ। আশেপাশে অন্যান্য কিছু মন্ত্রণালয়। পরদিন সকালে শুনলাম মসফিল্মের ওখানে ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওটা মস্কো নদীর অন্য তীরে, বাসা থেকে কিলোমিটার দুয়েক দূরে। 
সোমবার রাতে দুবনা ফিরে গুলিয়ার সাথে গল্প করছি আবার সেই বিকট শব্দ। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে পরপর কয়েক বার। আর এসব দুই পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষ্যে যুদ্ধ বিরতি ঘোষণার পরে। 
ইতিমধ্যে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাদের দূরপাল্লার মিসাইল ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত হানার অনুমতি দিয়েছে ইউক্রেনকে। রাশিয়া হুমকি দিয়েছে যদি ইউক্রেন বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা চালায় তবে কিয়েভের উপর ব্যাপক রকেট আক্রমণ করবে আর মূল লক্ষ্য হবে রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব। 

বিগত কিছুদিন ধরেই ইউরোপ পাগলের মত যুদ্ধের আগুনে ঝাঁপ দিতে চাইছে। রাশিয়া আগের চেয়েও কঠোর ভাবে ইউরোপকে হুঁশিয়ার করছে এমনকি কিয়েভ থেকে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীদের সরিয়ে নিতে বলেছে। 

এখন অনেক কিছুই নির্ভর করবে ইউরোপের উপর। আজ ৯ মে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের একাশি বছর। রাত পোহালেই শুরু হবে বিজয়ের অনুষ্ঠান। বিজয়ের আনন্দ আর নতুন যুদ্ধের ভয় - এক মিশ্র অনুভূতি নিয়ে অপেক্ষা করব ভোরের।

সবাইকে ফ্যাসিবাদের বিরুদ্ধে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!!!

দুবনা, ০৯ মে ২০২৬

Comments

Popular Posts