ভুল
আজকাল প্রায়ই অভিযোগ শোনা যায় যে বউরা কথা শুনে না। এদিক থেকে আমি উল্টা স্রোতের মানুষ। অন্যান্য কাজ থাকায় আজকাল একটু আগেই বেরিয়ে পড়ি অফিসের পথে। ওখানে টুকিটাকি কিছু খেয়ে আবার আগেই বাসায় চলে আসি দুপুরের খাবার খেতে। আজও ব্যতিক্রম ছিল না। চারটের সময় বাসায় ফেরার কথা থাকলেও ফিরতে ফিরতে পাঁচটা। রাতে শুধু সালাদ দিয়ে মাংস খাওয়ায় ভাত থেকে যায়। তাই গুলিয়ার জন্য গ্রেচকা বসাই।
বাসায় ফিরে ভাত বাড়তে গিয়ে দেখি গ্রেচকা কেউ খায়নি।
কি ব্যাপার, তুমি খাওনি?
আচ্ছা তুমি যাওয়ার সময় বলে যাবে না যে চুলায় গ্রেচকা বসিয়েছ? তুমি চলে যাওয়ার দুই ঘণ্টা পর আমি খেয়াল করেছি। এরমধ্যে কিছুটা পুড়েও গেছে।
আচ্ছা। আমার মনেই ছিল না গ্রেচকার কথা।
গ্রেচকা পুড়ল সেটা ভালো কিছু নয়, তবে গুলিয়া যে আমি না বলায় ওটা অফ করেনি সেটা নিশ্চয়ই কথা শোনে বলে ভাবাই যায়।
ও হ্যাঁ, খেতে বসে মনে পড়ল অফিসে খাব বলে দুই দিন ধরে আমি আপেল আর কেক ব্যাগে করে ঘুরে বেড়াচ্ছি। বেচারা পেট অযথা অনশন করল আর পিঠ মিছেমিছি ভূতের বেগাড় খাটল।
দুবনা, ০৬ মে ২০২৬

Comments
Post a Comment