পরীক্ষা
আজ পরীক্ষা নিলাম। কোয়ান্টাম মেকানিক্স। যখন ওরা উত্তর লিখেছিল আর সামনে বসে আমি ওদের প্রতিক্রিয়া দেখছিলাম নিজেকে কেন যেন জল্লাদ বলে মনে হচ্ছিল। অন্তত ওদের কারো কারো মুখ দেখে সেটাই মনে হচ্ছিল।
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
তিনিই মধ্যম যিনি চলেন তফাতে
যারা চার পায় তাদের প্রতি আমি সবসময় সদয়। মানে ওদের খুব একটা জ্বালাই না। তবে পাঁচ পেতে চাইলে বা কাউকে সমস্ত বিবেচনায় পাঁচ দিতে চাইলে অনেক প্রশ্ন করি। সবচেয়ে বিপদ হয় যারা ফেল করতে চায়। ওদের কোন ছাড়াছাড়ি নেই। যতক্ষণ না তিন পাচ্ছে প্রশ্ন করে যাই। খুব সোজা সোজা প্রশ্ন। কিন্তু উত্তর বের করে ছাড়ি। কারণ ফেল করালে আবার ওদের পেছনে সময় নষ্ট করতে হবে। তারচেয়ে বরং জেরা করে পেটের সব কথা বের করা অনেক মজার। পরীক্ষাটা আসলে যতটা না ছাত্রদের তারচেয়ে বেশি করে নিজের ধৈর্য্যের, সহানুভূতির, সহমর্মিতার।
মস্কো, ১৪ জানুয়ারি ২০২৬

Comments
Post a Comment