অমূল্য
আমার স্ত্রীর অনেকগুলো কুকুর, অনেকগুলো ছেলেমেয়ে (আমার সাথে যৌথ মালিকানায়) আর বর মাত্র একটা, সবেধন নীলমনি আমি। ও প্রায়ই কুকুর বিক্রি করে, বেশ চড়া দামে। তারপর যাদের কাছে বিক্রি করে তাদের সাথে নিয়মিত পত্র আর ভিডিও বিনিময়। অনেক সময় মনে হয় এরা গুলিয়ার বেয়াই বেয়ান, ছেলেমেয়েদের খবরাখবর নিচ্ছে। যাদের কাছে বিক্রি করে তাদের অনেকেই সুন্দরী তরুণী। সেদিন বললাম
- এত কুকুরদের মাঝে আমার আর ভাল্লাগে না। একজন সুন্দরী মহিলার কাছে আমাকেও বরং বিক্রি করে দাও।
- তোমাকে বিক্রি করব মানে? তোমার কি এক পয়সাও দাম আছে? আমি বোকা তাই রেখেছি। বিক্রি তো দূরের কথা উল্টো পয়সা দিয়েও তোমাকে কারো কাছে গছানো যাবে না।
- আমি জানতাম আমি অমূল্য। কোন অংক আমার জন্য যথেষ্ট নয়।
বৌ খুব সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকালো। মোটা অংকে বিক্রির কথা ভাবছে কিনা কে জানে!
মস্কো, ১১ মার্চ ২০২৪

Comments
Post a Comment