মুর্খ
আমাদের বাসায় অনেক দিন থেকেই কুকুরদের আধিক্য। ওদের ভোটাধিকার থাকলে অনেক আগেই আমাদের বিরোধী দলের আসনে বসতে হত। এগুলো অবশ্য আমার স্ত্রীর। তবে মানুষের মত কুকুরের মধ্যেও বিশ্বাসঘাতক থাকে। তাই ওদের কেউ কেউ আমার অনুরাগী। এরকম একজন মুজা। আমি যেখানে ও সেখানে। সব সময় আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। বিশেষ করে খেতে বসলে। সবচেয়ে বিরক্তিকর হল ওদের বাটিতে খাবার থাকলেও আমাকে খেতে দেখলেই ওরা টেবিলের চারিদিকে দাঁড়িয়ে হা করে তাকিয়ে থাকবে আমার মুখের দিকে। ওদের হয়তো ধারণা আমার খাবার ওদের চেয়ে সুস্বাদু। আর একমাত্র মুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে থাকে। তাই আজ বললাম
মুজা, তুই যখন খাস আমি কি তখন ঘেউ ঘেউ করি? তাহলে এখন ঘেউ ঘেউ করছিস কেন?
মুজা তো হেসেই খুন। কিছুতেই ভেবে পাচ্ছি না ওর হাসির কারণ। মনে হয় বুঝে ফেলেছে যে আমি ঘেউ ঘেউ করতে পারি না। আর আমার এই গাধামি দেখে বেশ মজা পেয়েছে।
দুবনা, ১০ মার্চ ২০২৪

Comments
Post a Comment