নববর্ষ
এক বন্ধু জিজ্ঞেস করল
তোমাদের দেশে নববর্ষ কিভাবে পালন করে?
আগে বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করতাম। কোলাকুলি, বড়দের প্রণাম, ছোটদের আদর। এরপর মিষ্টিমুখ।
এখন?
মঙ্গল শোভাযাত্রা।
সেটা আবার কি?
তোমাদের বেসস্মের্তনি পোলকের মত। তোমরা যেমন তোমাদের বীর পূর্বপুরুষদের ছবি নিয়ে মিছিল কর আমরাও তেমনি উৎসবের পোষাক পরে বিভিন্ন বাদ্যযন্ত্র আর জীবজন্তুর মুখোশ নিয়ে মিছিল করি। বলতে পার এটা আগে বাড়ি বাড়ি গিয়ে মঙ্গল কামনার আধুনিক, সার্বজনীন ও কমার্শিয়াল রূপ।
আর নববর্ষ উপলক্ষ্যে খাদ্য পানীয়ের আয়োজন কি কর?
আমি মনে মনে ভাবলাম খাদ্যের চেয়ে পানীয়ের প্রতি এর আগ্রহ অনেক বেশি। তাই বললাম
পান্তা ইলিশ খাই আর হরেক রকম মিষ্টি।
পান্তা ইলিশ আবার কি?
পান্তা হল জল ভাত। সারা রাত ভাত জলে ভিজিয়ে রাখলে সেটা পান্তা ভাত হয়। ইলিশ হল স্কুমব্রিয়া জাতীয় মাছ।
আর?
মানে?
পান কর কি? ভোদকা, শ্যাম্পেন?
আমাদের দেশে এসব খুব একটা চলে না।
তাই বলে কিছুই পান কর না?
দেখ বাঙালি খুব চালাক জাতি। ধরি মাছ না ছুঁই পানি। ঐ যে পান্তার কথা বললাম না, ওটা আসলে সেই কাজ করে। জলে পঁচা ভাত আসলে বাংলা মদ। তাই পান্তা ইলিশ হল স্যামন মাছের জাকুসকার সাথে সামাগন।
খুব ইন্টারেস্টিং তো। তুমি এখানে এসব কর?
না। তোমার মত কেউ নেমন্তন্ন করলে ওখানে গিয়ে পানাহার করি আর আমাদের দেশে কিভাবে নববর্ষ পালন করে সেই গল্প করি।
দুবনা, ১৬ এপ্রিল ২০২৩

Comments
Post a Comment