কাওয়ালি
দুবনা থেকে মস্কো আসার পথে তুলির স্ট্যাটাস দেখে জানলাম আজ গণেশ উৎসব আর সে উপলক্ষ্যে বলিউডের প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার আলতাফ রাজা কাওয়ালি পরিবেশন করবেন ইস্কনের মন্দিরে। ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকলেও তাঁদের কারণে মাঝেমধ্যে পরিচিত জনদের সাথে দেখা হওয়া বা উপমহাদেশীয় শিল্পীদের গান বাজনা শোনার সম্ভাবনা দুহাতে লুফে নেই। এটা অনেকটা নিজে দুর্নীতি করি না তবে অন্যের দুর্নীতির টাকায় মিষ্টি খাওয়ায় মত। অনেককেই ফোন করলাম। সবাই ব্যস্ত। তাই কনসার্টে যাই না যাই এই উপলক্ষ্যে কয়েক জনের সাথে যে হাই হ্যালো হল সেটাই বা মন্দ কি? শেষ চেষ্টা হিসেবে ক্রিস্টিনাকে বললাম। ও রাজি হয়ে গেল। মনিকাও যাবে বলল। সেভা গেল না। আমরা তিনজন রওনা হলাম ইস্কনের উদ্দেশ্যে। মনে হল প্রীতমের কথা। গতকাল জিজ্ঞেস করেছিল আমি সকালে মস্কো এলে আমার সাথে আসবে। আমি সকালে কোথাও যাই না। তবে অনুষ্ঠানের কথা জানলে বলতাম তুমি সকালে গিয়ে ঘোরাঘুরি কর, আমি পাঁচটার দিকে এসে তোমাকে নিয়ে কনসার্টে যাব। সরল রোশন ও আলতাফ রাজা গান গাইলেন। মূলতঃ হিন্দি সিনেমার জনপ্রিয় গান। মেয়েরা তেমন এঞ্জয় করেনি তবে আমার বেশ লাগল অনেক দিন পরে এমন জীবন্ত এক অনুষ্ঠান দেখে। ওরা গাইল হিন্দি আর উর্দু ভাষায়। ভাষা না বোঝায় অনেকটাই মিস করেছি, বিশেষ করে সবাই যখন ওদের কোন কথা বা কবিতায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তখন নিজের বেশ বোকা মনে হয়েছে। বেশ কয়েকটি গানের ভিডিও করেছি, তবে আলতাফ রাজা অডিও ভিডিও নিয়ে কি যেন বললেন তাতে মনে হল তিনি চাননা কেউ এসব সামাজিক মাধ্যমে আপলোড করুক। এজন্যে গণেশকে থ্যাঙকু।
মস্কো, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Comments
Post a Comment