দেহ ত্যাগ
আজকাল কেউ আর কথা শোনে না। কিছুদিন আগে হাত বলল ওর কনুইয়ে ব্যথা। কাজ করতে পারবে না। পেট বেঁকে বসল। হাতের শরীর খারাপ তাতে ওর কি? ও তো অনশন ধর্মঘট পালন করছে না। বোঝ ঠ্যালা।
গতকাল ঘুম ভাঙতেই পা জানিয়ে দিল ও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। তাই ওকে নিয়ে যেন টানাটানি না করি। তাহলে সাংবাদিক সম্মেলন করে আমার বিজন রাজ্যের সব অনিয়মের কথা ফাঁস করে দেবে।
ওদিকে অফিসে না গেলেও চলে না। তাই ডান পা মাথায় তুলে অফিসের দিকে হাঁটতে শুরু করলাম। বিকেলে ডাক্তারের কাছে গেলাম হাত আর পা বগলদাবা করে।
ওদের বেশি লাই দিতে নেই। তাহলে মাথায় উঠে বসে থাকবে।
কিন্তু এখন কি করা।
এক্সরে করতে হবে। ওদের যদি সে ছবি দেখান নিজেদের এমন চেহারা দেখে ওরা লজ্জায় আর মুখ খুলবে না।
এরপর গেলাম ওষুধ কিনতে। হিসেব করে দেখলাম আজকাল ওষুধের পেছনে যত ব্যয় করছি তাতে আর কিছুদিন পরে অন্য কিছু কেনার পয়সা থাকবে না। অসুখ দেখি প্রেমিকার চেয়েও খারাপ। আমাকে পথে বসিয়ে ছাড়বে।
ইস্, এই পুরানো দেহ ত্যাগ করে আলী এক্সপ্রেস থেকে নতুন একটা দেহ যদি কেনা যেত!
দুবনা, ২০ মে ২০২৩

Comments
Post a Comment