গর্ব


আমার জীবনে গর্ব করার মত কিছু নেই। তবে এই না থাকাটাই আমার গর্বের বিষয়। তাই এই গল্প। তবে একেবারেই যে কিছু ছিল না সেটাও কিন্তু নয়। কি সেটা? আমার মেডিক্যাল রিপোর্ট বুক।‌ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় মানুষের আর কিছু থাকুক না থাকুক একটা করে মেডিক্যাল রিপোর্ট বুক থাকে আর সেখানে থাকে জন্ম থেকে শুরু করে মানুষের বিভিন্ন অসুখের ইতিহাস। সুখ দিতে পারি না পারি অসুখের কথাটা মনে করিয়ে দেব। যাহোক এই বই নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ইদানিং কালে ও আমার চেয়েও মোটা হয়ে গেছিল। এ যেন আমার অসুখের মহাভারত। যেহেতু প্রতি বারই নতুন কোন রিপোর্ট আঠা দিয়ে জোড়া দেয়া হত তাই বইটা শুধু মোটা হয়নি নড়বড়েও হয়েছিল অনেকটা মেদবহুল থলথলে মানুষের মত। ফলে ডাক্তারদের অসুবিধা হত পুরনো রিপোর্ট খুঁজে পেতে। তাই কিছুদিন আগে ওরা সেটাকে রিসাইজ করেছে। এখন সেটা অনেকটা ডায়েট কন্ট্রোলের পরে সুন্দরী স্লিম ফিগারের মহিলার মত দেখতে। প্রথমে ভালো লাগলেও পরে বুঝলাম গর্ব করার মত আমার শেষ জিনিসটাও বেঘোরে মারা গেল। এক বড় ভাই আমাকে বলতেন অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। একটু গর্ব করে যে নিজের অসুখের কথা বলব সেটাও করতে দেবে না।

দুবনা, ০৬ নভেম্বর ২০২২ 




Comments

Popular Posts