গোল
মস্কো এলাম। মেট্রো থেকে বেরিয়ে দেখি অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। একটু অবাক হলাম। কয়েকদিন আগে এই স্পোরটিভনায়া মেট্রোতেই একটি ওয়াগনে আগুন লেগেছিল। এভ্যাকুয়েশন, কয়েক ঘন্টার জন্য কয়েকটি স্টেশন বন্ধ, সেখানে ২০০ বাস নামানো। এরা এসব খুব দ্রুত করে। আগুন কেন লাগল সেটা জানি না। তবে বলেছে শর্ট সার্কিট। হয়তোবা কেউ অন্য ভাবেও ভাবছে। তবে সরকারের দায়িত্ব যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আর যাতে প্যানিক সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা। এক্ষেত্রেও এরা খুব সফল। যাহোক যখন ভাবছি আবার কী হল, বাইরে আরো অনেক পুলিশ দেখে বুঝলাম আজ নিশ্চয়ই খেলা আছে। বাসায় এসে শুনলাম জেনিত আর বাল্টিক খেলবে রুশ কাপের ফাইনালে। মনিকা আর মিশা বন্ধুদের সাথে খেলা দেখতে গেল। আমার অন্য কাজ ছিল। ঠিক করলাম সেসব করে পরে সেভা আর আমি ঘুরতে যাব। সেভা এখন বলল যাবে না। রাস্তায় ফ্যানদের চিৎকারে নাকি শান্তিতে বেড়ানো যাবে না। গোল পাকানোর জন্যই মনে হয় ফুটবলের আকার গোল।
মস্কো, ০২ জুন ২০২৪

Comments
Post a Comment