লাভ নাকি লোকসান
অফিসে যাবার পথে দেখি এডিক আর ইয়ান এডিকের ঘরে বসে কথা বলছে। এডিক এক সময় আমাদের গ্রুপের প্রধান ছিল, এখন প্রমোশন হয়েছে। ইয়ান স্লোভাকিয়া থেকে, আমাদের ল্যাবের ডেপুটি ডাইরেক্টর। ওদের প্রিভিইয়েত বলে নিজের অফিসে ঢুকতে যাব, এডিক ডাকল
বিজন, একটু কথা ছিল।
আসছি।
অফিসে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে গেলাম।
কী ব্যাপার?
না, তেমন কিছুই নয়। শুনলাম ইন্ডিয়ার নাম বদল করছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না।
ভারত।
আবার বলত।
আমি বেশ কয়েকবার বললাম, কিন্তু কিছুতেই উচ্চারণ করতে পারছিল না। বললাম মহাভারতের নাম শুনেছ, ওখান থেকে মহা বাদ দাও। শেষ পর্যন্ত ওর নিজের আর্মেনিয়ান ভাষায় ট্র্যান্সক্রিপ্ট লিখে উচ্চারণ করল। অবশ্য এর আগে বলল,
দাড়াও, একটু ভোদকা ঢেলে নিই। এত কঠিন নাম এমনি এমনি মনে থাকবে না।
আসলে এখন আমরা প্রায় সবাই ছুটিতে, তবে তত্ত্ব নিয়ে যারা কাজ করে তাদের এই এক বদ অভ্যাস, ছুটি থাক আর নাই থাক - কাজে আসা।
তোমাকে ঢালব?
গতকাল টিভিতে কে যেন বলল, যদি ভোদকাই না খাও তুমি আবার কিসের রুশ? ঢাল।
মজার ব্যাপার হল আমাদের একজনও জাতিগত ভাবে রুশ নই - আর্মেনিয়ান, স্লোভাক আর বাঙালি।
মনে হল ওরা অনেকক্ষণ থেকে খাচ্ছে, বোতলের অনেকটাই শেষ। প্রায় তলানিতে। তবে খুব ভালো। ক্রেমলিন ব্র্যান্ড।
এরপর অনেকক্ষণ ধরে আমাদের উপমহাদেশের গল্প করলাম, এডিকের ভাষায় সেই সাশা ম্যাকিডোনস্কি মানে আলেক্সান্ডার দ্য গ্রেট এর সময় থেকে। ব্রিটিশ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এসব নিয়েও কথা হল। পাকিস্তানের বর্তমান অবস্থার কথা জানতে চাইল। কথা হল ইউক্লিড, আরকিমিডিস, পিথাগোরাস - এদের নিয়েও। হঠাৎ করেই আমার মনে পড়ে গেল আজ ৬ সেপ্টেম্বর। বললাম
চল্লিশ বছর আগে ঠিক এই দিনে সোভিয়েত ইউনিয়নে এসেছিলাম। এবং সেই দিনটাকে ভোদকা দিয়ে অবমিভাত মানে পরিষ্কার করলাম।
ঠিক আছে, তোমরা গল্প কর। আমি যাই। কয়েকটা পেপার দেখতে হবে।
দাভাই মানে ঠিক আছে।
ইন্ডিয়া ভারত হওয়ায় কার কী লাভ হল জানি না, তবে এ নিয়ে কথা বলতে গিয়ে দুই পেগ খুব টেস্টি ভোদকা খাওয়া হল।
লাভ!
দুবনা, ০৬ সেপ্টেম্বর ২০২৩


Comments
Post a Comment