প্রশ্ন
গতকাল সকাল থেকেই প্রচন্ড মাথা ব্যথা। আবহাওয়ার কারণে হয়তো। এরকম আমার হয়। সারতে দুই তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত লেগে যায়। মনে হয় কাঁধের উপর পা ঝুলিয়ে বসে কেউ যেন ভোঁতা ছুরি দিয়ে মগজে বেহালা বাজাচ্ছে। গতকাল দুপুরে একটা ট্যাবলেট খেয়ে ট্রেনে উঠলাম। মস্কোয় পৌঁছতে না পৌঁছতেই ট্যাবলেটের আয়ু শেষ। রাতে আরেকটা খেলাম। ব্যথায় ঘুম ভাঙলো ভোর সাড়ে চারটার দিকে। সকালে উঠে ব্রেকফাস্ট করে আরেকটা ট্যাবলেট খেয়ে গেলাম কনফারেন্সে। অনেক পার্টিসিপ্যান্ট, টেকনিক্যাল প্রবলেম - সব মিলিয়ে লান্চ মাঠে মারা গেল। ট্যাবলেট কিভাবে খাব? আয়োজকদের অফিসে ছোট্ট একটা পার্টি মত ছিল সে সময় মূলতঃ কিছু বিশেষ অতিথি আর বিদেশীদের জন্য। গায়ের রঙ আমাকেও ওখানে ঢুকিয়ে দিল। আমার ভারতীয় কলিগগন নিরামিষাশী। ওখানে সব আমিষ। একটা প্যাটিস দেখিয়ে জানতে চাইলেন নিরামিষ কিনা। ভাবলাম জ্যাম দেয়া। বললাম হ্যাঁ। কামড় দিয়ে কি বুঝলেন জানি না তবে মুখ দেখে বুঝলাম কাজটা ঠিক হয়নি। নিজে একটা খেয়ে সেখানে আমিষের স্বাদ পেলাম। বললাম, ওয়াইন খান। ওটা খাঁটি নিরামিষ। খাবারের সাথে ওয়াইন। আমি সাধারণত ওয়াইন খাই না। ডাক্তারের মানা। তবে ভোদকা, কনিয়াক, হুইস্কি খাওয়া যায়। কিন্তু সবাই যেহেতু ওয়াইন খাচ্ছে আমি একা হুইস্কি খাই কি করে? সমস্যা হল ছোট্ট চক্র। সবাই একাধিক বার বলছেন আর পান করতে হচ্ছে। আমি টেনশনে। ওষুধ খেতে পারব না। একসময় যে ব্যাটা মাথায় ছুরি চালাচ্ছিল ও ঘুমিয়ে পড়ল। এখন আবার মাথা ব্যথা শুরু হয়েছে। ভাবছি কি দেব ওকে ট্যাবলেট না ওয়াইন? মহা যন্ত্রণা।
মস্কো, ০৩ জুলাই ২০২৩
Comments
Post a Comment