খেলা খেলা সারাবেলা

গতকাল যখন সিমিওনের সাথে ছবি তুলতে গেলাম ভোলগার তীরে কথা প্রসঙ্গে ও বলল এখন মস্কো গেলে ও মাফলার নিতে পারে না। ওর সব মাফলার পিতেরের টিম জেনিথের। ওটা পরে মস্কোয় হাঁটা নাকি নিরাপদ নয়। আজ তখন মস্কো আসছি মনিকা লিখল, পাপা লুঝনিকিতে স্পার্তাক আর দিনামো খেলছে। মেট্রো বন্ধ থাকতে পারে। সেভাবে এসো। না, মেট্রো বন্ধ ছিল না, তবে পুলিশ দিয়ে সব ঘেরা। খেলা তো নয় যুদ্ধ। অবশ্য এটা সোভিয়েত আমলেও ছিল। বাসায় ঢুকতেই দেখি মনিকা দরজায় দাঁড়িয়ে। ও আর সেভা যাবে টেবিল টেনিস খেলতে। গেলাম ওদের সাথে। বাসার চারিদিকে স্পার্তাকের সমর্থক দিয়ে ভরা। দল বেঁধে যাচ্ছে বিজয় উৎসব করতে করতে। ওদের ভেতর দিয়ে হেঁটে যাওয়া খুব একটা সুখকর নয়। যাহোক অনেক দিন পরে খেললাম। মনে পড়ল দূতাবাস স্কুলের দিনগুলির কথা। যেখানে কাকু, মামুন, আমি নিয়মিত খেলতাম।

মস্কো, ২৯ মে ২০২২



Comments