আমাদের দিনকাল

সন্ধ্যা ছয়টার দিকে সেভার মেসেজ এল
- পাপা, তুমি বাসায়?
- এই মাত্র এলাম। তোর জন্য মাংস রান্না করে তারপর দুবনার দিকে যাব। এখনও ঘন্টা খানেক সময় আছে হাতে।
- ঠিক আছে। স্পাসিবা।
অনেকদিন সেভা আমার রান্না খেত না। পলেজনিয়ে বা ইউজফুল খাবার খেত। নিজে রান্না করে। আমার খাবার বলতে গেলে ইউজলেস। ওসব খেয়ে আমি নি খুদেউ, নি মুটেউ, মানে রোগাও হই না, তলস্তিও হই না। তাই মাঝে ও সব শুধু সেদ্ধ করে খেত, আমি আমার পছন্দ ভাজা।
ভোলগা ট্রিপ সেরে যখন ২০ তারিখে ক্লাস নিতে মস্কো গেলাম, দুদিন ছিলাম। ক্রিস্টিনা তখনও মস্কোও। জিজ্ঞেস করলাম খাবে কিনা। রাজী হল। রান্না করলাম অল্প, আমাদের দুজনের জন্য। কেননা মনিকা বলেছে বাইরে খেয়ে আসবে। সেভা আমার রান্না খায় না।
ক্রিস্টিনাকে খাবার দিয়ে আমি খাব ভাবছি, সেভা বাসায় ফিরে খেতে চাইল। আমি একটু খাবার নিয়ে বাকিটা ওকে দিলাম। গত সপ্তাহে যখন মনিকা রান্না করতে বলল, তখনও সেভা আমাদের সাথে খেল। পরের দিন দেখি ওর টেবিল ভর্তি ফাস্ট ফুড।
- তুই রান্না করিস না?
- অনেক দিনই করি না।
- কেন?
- টায়ার্ড লাগে।
- আমি রাঁধলে খাবি?
- হ্যাঁ।
এরপর ওর জন্যে হলেও রান্না করে রেখে আসি। গত রোববার রাত ৯ টার দিকে মস্কো পৌঁছে দেখি ও খায়নি। দুপুর অবশ্য দুবনা থেকেই খেয়ে গেছে।
- রান্না করব?
- কর।
রান্না করে ওকে ডাকলাম। দেখি ঘুমিয়ে পড়েছে। তবে সকালে উঠেই খেয়ে নিয়েছে।
- তুমি আজ যাবে?
- হ্যাঁ।
ক্রিস্টিনা পিতেরে। মনিকা সচি। আন্তন নাগিনস্ক। ওর মনে হয় ইচ্ছে ছিল আমি যেন আরও একটা রাত থাকি। বিভিন্ন কথা বলতে শুরু করল। আমি উত্তর দিলে নিজের পয়েন্টেই দাঁড়িয়ে থাকে।
- শোন, আমার এখন মোটেই ইচ্ছে নেই তর্ক করার। একটু পরে ক্লাস। বেরুতে হবে।
- আমরা তর্ক করছি না, মত বিনিময় করছি।
- হ্যাঁ, কিন্তু সব ব্যাপারেই একেবারে ভিন্ন মত পোষণ করছি।
- তাতে কী? ভিন্ন মত পোষণ করা তো দোষের কিছু না।
- দোষের না, তবে মানুষ মত বিনিময় করে ঐক্য মত পৌঁছানর জন্য।
- এক মত যে হতেই হবে তারও তো কোন মানে নেই।
- হ্যাঁ, তবে চেষ্টা করা দরকার।
এরপর আমি চলে গেলাম। সেভা বেরুবে বিকেলে।
- আমি অলরেডি মেট্রোয়।
- ঠিক আছে। তুমি আমার জন্য কিছু রান্না করেছ?
- হ্যাঁ, মাংস রান্না করা আছে।
খুব ভাল লাগল যে সেভা আবার রান্না করতে বলছে। ওরা বড় হলেও কেমন যেন ছোটই রয়ে গেছে। ওদের কথা মনে হলে কেন যেন ওদের ছোটবেলার মুখগুলোই মনে ভেসে ওঠে। ওদের জন্য কিছু করতে পারলে নিজেকে কেমন যেন সুখী সুখী লাগে।

দুবনা, ০৫ অক্টোবর ২০২১
 

 

Comments

Popular Posts